জোটগত সমঝোতার অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকিকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটগত সমঝোতার অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে সমঝোতার ভিত্তিতে এবার সাতটি আসনে বিএনপি নিজস্ব প্রার্থী দেবে না। এর অংশ হিসেবেই ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে জোনায়েদ সাকিকে সমর্থন দেওয়া হচ্ছে।
এ সময় তিনি আরও জানান, গণঅধিকার পরিষদের দুই শীর্ষ নেতাকেও পৃথক দুটি আসনে ছাড় দেওয়া হয়েছে। এর মধ্যে
-
পটুয়াখালী-৩ আসনে দলের আহ্বায়ক নুরুল হক নুর,
-
ঝিনাইদহ-৪ আসনে সাধারণ সম্পাদক রাশেদ খান প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এ ছাড়া যেসব আসনে বিএনপি প্রার্থী দেবে না সেগুলোর মধ্যে রয়েছে—
-
পিরোজপুর-১ আসনে জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার,
-
নড়াইল-২ আসনে ন্যাশনাল পিপলস পার্টির অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ,
-
যশোর-৫ আসনে ঐক্যজোটের প্রার্থী মুফতি রশিদ,
-
ঢাকা-১২ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
সংবাদ সম্মেলনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। পাশাপাশি সদ্য বিএনপিতে যোগ দেওয়া সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদও সেখানে উপস্থিত ছিলেন।
