রাজধানীর গাড়ি বিক্রয়কেন্দ্রগুলোতে চাঁদাবাজি ও ককটেল হামলার প্রতিবাদে আজ রোববার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত দেশের সব গাড়ি শোরুম অর্ধদিবস বন্ধ থাকবে।
শনিবার (১৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশন (বারভিডা)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত কয়েক মাস ধরে কিছু দুষ্কৃতকারী ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে টেলিফোনে হুমকি দিচ্ছে। এই পরিস্থিতিতে সংগঠনটি জরুরি নিরাপত্তা দাবি করেছে এবং প্রতিবাদের অংশ হিসেবে আজকের অর্ধদিবস বন্ধ ও মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করেছে।
বারভিডা জানিয়েছে, প্রগতি সরণির কোকা-কোলা মোড়ে আজ সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করবে গাড়ি ব্যবসায়ীরা।
বারভিডার সভাপতি আবদুল হক বলেন,
“কয়েক মাস ধরে একটি সন্ত্রাসী গোষ্ঠী ব্যবসায়ীদের হুমকি দিচ্ছে। কখনও দুবাই থেকেও ফোনে চাঁদা দাবি করা হচ্ছে। চাঁদা না দিলে ব্যবসা করতে দেওয়া হবে না বলেই হুমকি দেওয়া হচ্ছে। এমনকি মোটরসাইকেলে এসে শোরুমের সামনে ককটেল ফাটিয়ে চলে যায় দুষ্কৃতকারীরা।”
তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে দেশে বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। ব্যবসায়ীদের আশঙ্কা—যেকোনো সময় গাড়ি শোরুমেও ভয়াবহ কিছু ঘটাতে পারে সন্ত্রাসীরা। এতে দেশি-বিদেশি চক্র জড়িত থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
বারভিডা জানিয়েছে, ভবিষ্যতে যেকোনো অপ্রত্যাশিত ঘটনা রোধে সরকারের দ্রুত পদক্ষেপ ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
